বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ জোরদারে দুইটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুই দেশের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এসব সমঝোতা স্মারক সই করা হয়। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তারা দলিল বিনিময়ও প্রত্যক্ষ করেন।
স্বাস্থ্য খাতে সহযোগিতা বিষয়ক প্রথম সমঝোতা স্মারক—‘অ্যাপয়েন্টমেন্ট অব হেলথ ওয়ার্কফোর্স’—স্বাক্ষরিত হয় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটান রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
দ্বিতীয় সমঝোতা স্মারক—‘ট্রেড অব ইন্টারন্যাশনাল ইন্টারনেট ব্যান্ডউইডথ অ্যান্ড আদার টেলিকমিউনিকেশন সার্ভিসেস’—স্বাক্ষরিত হয় বাংলাদেশ সরকার এবং ভুটান রয়্যাল সরকারের মধ্যে। বাংলাদেশের পক্ষে দলিলে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক (টেট-আ-টেট) এবং আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।





